images

আইন-বিচার / দেশজুড়ে

আদালতে আত্মসমর্পণ করলেন আমির হামজা

রোববার, ১৪ জুন ২০২৬ , ০৩:২২ পিএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা।

রোববার (১৪ জুন) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তিনি আত্মসমর্পনের জন্য সিরাজগঞ্জ আদালত প্রাঙ্গণে পৌঁছান। 

এর আগে, তাকে ঘিরে আদালত চত্বরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক বলেন, মুফতি আমির হামজা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। এবার তিনি সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করছেন। পরবর্তী সিদ্ধান্ত আদালত নেবেন।

আরও পড়ুন
IGP

বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

এর আগে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। একই দিন আদালত তাকে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন।

নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে আদালতে হাজির না হওয়ায় গত ১৭ মে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

আরটিভি/এসএইচএম