images

দেশজুড়ে

গাজীপুরে নারী শ্রমিক সাহেরা মৃত্যুর ঘটনায়, স্বামীসহ তিনজন গ্রেপ্তার

রোববার, ১৪ জুন ২০২৬ , ০৫:২৩ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে নারী শ্রমিক সাহেরা (১৭) মৃত্যুর ঘটনায় স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) রাতে উপজেলার মৌচাক টাওয়ার মার্কেট এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে, রোববার (১৪ জুন) দুপুরে তাদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন নিহতের স্বামী টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোবিন্দিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শ্যামল মিয়া (২১), মৌচাক ডুলিপাড়া এলাকার পঞ্চন বর্মনের ছেলে রমেশ বর্মন (৩৫) এবং মৌচাক এলাকার বাড়ির মালিক আমিরুদ্দিনের ছেলে মানিক (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জুন নারী শ্রমিক সাহেরা মৃত্যুর ঘটনায় নিহতের মা জাকিয়া বেগম বাদী হয়ে শ্যামল মিয়ার নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করে।

এদিকে, ওই নারীর মৃত্যুর ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে জনমহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

রোববার তিন আসামিকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, জীবিকার তাগিদে টাঙ্গাইল জেলা থেকে স্বামীকে নিয়ে কালিয়াকৈর উপজেলার ঢুলিগড়া টাওয়ার মার্কেট এলাকায় মানিক নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন সাহেরা। নিহতের স্বামী শ্যামল একজন গাড়ির হেলপার। প্রতিদিনের মতো শ্যামল মঙ্গলবার দুপুরে বাসা থেকে বের হয়ে যান। পরে রাত আনুমানিক ২টার দিকে বাড়িতে ফিরে ঘরের দরজার ছিটকিনি বাইরে থেকে লাগানো দেখতে পান।

এ সময় দরজা খুলে তিনি দেখেন, মেঝেতে সাহেরা অচেতন অবস্থায় পড়ে আছেন। তার বুকের কাপড় গলায় পেঁচানো ছিল। সাহেরার শরীরে কোনো সাড়া ছিল না। স্বামীর চিৎকারে বাড়ির মালিক ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম বার জানান, নারী শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার মা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ভাড়া বাসার মালিক ও নিহতের স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার দুপুরে হত্যা মামলার আসামিদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/টিআর