সোমবার, ১৫ জুন ২০২৬ , ১২:১৫ পিএম
রাজবাড়ীর কালুখালী উপজেলায় এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদরাসার পাশের পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আসাদুজ্জামান (২৪) কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের মো. শাহজাহান মন্ডলের ছেলে। পড়াশোনার পাশাপাশি সে বাবার সঙ্গে মাঠে কৃষিকাজ করতো।
নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৪ জুন) বাদ আসর বাড়ি থেকে বের হন আসাদুজ্জামান। পরবর্তীতে রাত ৮টার দিকে তিনি তার সৌদি প্রবাসী দুলাভাইয়ের কাছে মোবাইলে জরুরি ৫ হাজার টাকা লাগবে বলে জানান। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এরপর আজ সকালে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও পরিবারকে খবর দেয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আসাদুজ্জামানের বলে শনাক্ত করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কালুখালী থানা পুলিশও। পরে তারা মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পাংশা সার্কেল এএসপি দেবব্রত সরকার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। আশা করছি, খুব দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
আরটিভি/আইএম