সোমবার, ১৫ জুন ২০২৬ , ১২:২৪ পিএম
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে হীরা মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার পুটিমারা ইউনিয়নের টঙ্গী শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হীরা মিয়া হাকিমপুর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। বর্তমানে তিনি নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের জাটিহার গ্রামে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার টঙ্গী শ্যামপুর গ্রামের অনিল টুডুর বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করলে হীরা মিয়াকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। পরে উত্তেজিত গ্রামবাসীর গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, টঙ্গী শ্যামপুর গ্রামে চুরির ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে হীরা মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরটিভি/আইএম