সোমবার, ১৫ জুন ২০২৬ , ০২:১৮ পিএম
টানা চার দিনের মাথায় কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা ১২ জন নারী-পুরুষ ও শিশুকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
সোমবার (১৪ জুন) বেলা সাড়ে এগারোটার দিকে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের পর ওই ১২ জনকে ফিরিয়ে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষীরা।
কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকাল সাড়ে দশটায় শুন্য রেখার এস -৩ এর ১৪৮ নং পিলারের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে সংক্ষিপ্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ১১ টার দিকে চার দিন ধরে অবস্থানরত ১২ জনকে শূন্য রেখা থেকে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।
এর আগে শুক্রবার (১২ জুন) ভোরে চারজন নারী, চারজন পুরুষ ও চারজন শিশুকে উপজেলার চরবিলগাথুয়া সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকিয়ে দেয় বিএসএফ। স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে বিজিবিকে জানায়। পরে বিজিবি-জনতা মিলে ওই ১২ জনকে পুশব্যাক করে। এরপর থেকে তারা সীমান্তের শূন্যরেখায় মানবতার জীবনযাপন করছিল। এর আগে শনিবার এক পতাকা বৈঠকে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়।
আরটিভি/এমএ