images

দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ করল বিজিবি

সোমবার, ১৫ জুন ২০২৬ , ০৮:৫৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও শিবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানে কোনো ব্যক্তিকে আটক করা যায়নি।

রোববার (১৪ জুন) ভোররাত থেকে সোমবার (১৫ জুন) বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানে এসব জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার রাত ২টা ৪০ মিনিটের দিকে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) ভোলাহাট বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট উপজেলার আলালপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘এস্কুফ’ সিরাপ জব্দ করা হয়। ঘটনাস্থলটি সীমান্ত পিলার ১৯৫/৩-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।

আরও পড়ুন
Web-Image---Copy

ডাক্তার ‘সেজে’ রোগী দেখতেন ইয়াসিন, অতঃপর...

এর আগে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ইউনিয়নের কোটালীপাড়া গ্রামে দুটি পৃথক অভিযান চালায়। প্রথম অভিযানে ৪৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘ফেয়ারডিল’ সিরাপ এবং দ্বিতীয় অভিযানে ১১৮ বোতল ‘এস্কাফ’ সিরাপ জব্দ করা হয়।

জব্দ করা সিরাপগুলোর আনুমানিক বাজারমূল্য ৬৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, ভোলাহাটে জব্দ করা সিরাপগুলো সাধারণ ডায়েরি (জিডি) করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অন্যদিকে শিবগঞ্জে জব্দ করা মাদকদ্রব্য ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সূত্রে আরও জানা গেছে, চলতি জুন মাসে তাদের অভিযানে এখন পর্যন্ত ৬২১ বোতল এস্কাফ সিরাপ, ৪৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৪০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৮ হাজার টাকা।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা, অবৈধ চোরাচালান প্রতিরোধ এবং সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে