সোমবার, ১৫ জুন ২০২৬ , ০৯:৪২ পিএম
রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের চরখিদিরপুর এলাকার পদ্মার চরাঞ্চলে চিকিৎসাসেবা, যোগাযোগব্যবস্থা ও দুর্যোগ মোকাবিলায় নানা সংকটের কথা তুলে ধরেছেন স্থানীয় বাসিন্দারা। চরখিদিরপুর এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় এসব সমস্যা তুলে ধরা হলে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। একই সঙ্গে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন ঠেকাতে স্থানীয় জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সোমবার (১৫ জুন) বিকেলে চরখিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি ও সীমান্ত সুরক্ষা বিষয়ক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, সীমান্তে পুশ-ইন একটি বেআইনি প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো দেশের সীমান্তরক্ষী বাহিনী জোরপূর্বক বা কৌশলে অন্য দেশের নাগরিকদের সীমান্ত অতিক্রম করিয়ে দেয়। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্তে এমন অপচেষ্টার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনগণের সতর্ক অবস্থানের কারণে অধিকাংশ ক্ষেত্রেই এসব চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নয়, সাধারণ মানুষেরও। সীমান্ত এলাকায় কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
জেলা প্রশাসক তার বক্তব্যে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরে বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ড, নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন খাতে সরকার কাজ করে যাচ্ছে। দারিদ্র্য বিমোচন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব সেবার সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই প্রশাসনের প্রধান দায়িত্ব।
সভায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার সীমান্ত পরিস্থিতি নিয়ে স্থানীয়দের আরও সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বলেন, পার্শ্ববর্তী দেশে নাগরিকত্বসংক্রান্ত নতুন আইন কার্যকর হওয়ার পর সীমান্ত এলাকায় কিছুটা অস্থিরতা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের ঝুঁকি বাড়তে পারে। তাই স্থানীয় জনগণকে বিজিবির সঙ্গে সমন্বয় করে সজাগ থাকতে হবে।
তিনি জানান, কয়েক দিন আগে রাজশাহী সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের একটি অপচেষ্টা চালানো হয়েছিল। তবে স্থানীয় গ্রামবাসীর তাৎক্ষণিক প্রতিরোধ এবং বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। ভবিষ্যতেও এমন কোনো অপচেষ্টা যাতে সফল না হয়, সে জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
আরটিভি/এমএইচজে