বুধবার, ১৭ জুন ২০২৬ , ০৮:৫৩ এএম
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৪৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
মঙ্গলবার (১৬ জুন) রাত সোয়া ১১টার দিকে শ্রীপুরে পৌরসভার সবুজবাগ এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রুমান (৩২) এবং মহসীন (৪০)।
র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম জানান, শ্রীপুর পৌরসভার সবুজবাগ এলাকার (ফরেস্ট রেঞ্জ অফিসের পেছনে) খালেক গার্ডের বাড়িতে মাদক কেনাবেচার প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ওই বাড়ীতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রুমান ও মহসীনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৪৬ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন যাবত বিভিন্ন জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য (গাঁজা) সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্যসহ শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আরটিভি/আইএম