বুধবার, ১৭ জুন ২০২৬ , ১২:০৬ পিএম
ফরিদপুরের সদরপুর উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে সদরপুর উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ, গ্রাম আদালত জেলা সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাব্বির হাসান, গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী মো. সাইফুল ইসলাম এবং আনজুন আরা পিয়া।
বক্তারা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্প খরচে, স্বল্প সময়ে এবং সহজ প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম। স্থানীয় পর্যায়ের ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সামাজিক সম্প্রীতি বজায় রাখা, বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং উচ্চ আদালতের ওপর চাপ কমাতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তারা আরও বলেন, গ্রাম আদালতের সুবিধা ও কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যকে সামনে রেখে কর্মশালায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সুপারিশ ও কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।
কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প দেশের বিভিন্ন উপজেলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
আরটিভি/আইএম