images

দেশজুড়ে

মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার, ১৭ জুন ২০২৬ , ০১:৪২ পিএম

মৌলভীবাজারে পৌঁছেছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম মৌলভীবাজার সফর।

সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

এদিকে, বৃষ্টি উপেক্ষা করে শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভায় জনতার ঢল নেমেছে। শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

বুধবার (১৭ জুন) সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে থাকেন দলীয় নেতাকর্মীরা।

বৃষ্টি অব্যাহত থাকলেও ছাতা, রেইনকোট ও পলিথিন মাথায় দিয়ে মাঠে অবস্থান নেন অনেকে। মাঠে স্থান সংকুলান না হওয়ায় আশপাশের সড়ক ও খোলা স্থানেও মানুষের ভিড় দেখা যায়।

আরও পড়ুন
Web-Image

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে চা শ্রমিকদের ঢল, কানায় কানায় পূর্ণ মাঠ

প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার অপেক্ষায় থাকা জনতার মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জনসভাকে কেন্দ্র করে পুরো শ্রীমঙ্গল শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মীরা উন্নয়ন, কর্মসংস্থান এবং মৌলভীবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে দিকনির্দেশনা ও ঘোষণার প্রত্যাশার কথা জানান।

জনসভাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাও দায়িত্ব পালন করছেন। বৃষ্টির মধ্যেও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি জনসভাকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

স্থানীয়দের মতে, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও শ্রীমঙ্গলে এ ধরনের জনসমাগম বিরল, যা প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ও উদ্দীপনার বহিঃপ্রকাশ।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এদিকে, দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর আগমনের আগেই প্রবল বাতাসে উপকারভোগীদের বসার জন্য নির্মিত একটি প্যান্ডেল ভেঙে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং মূল মঞ্চেরও কোনো ক্ষতি হয়নি।

আরটিভি/এমএ