images

দেশজুড়ে

বাসন মাজা নিয়ে বিরোধে প্রাণ গেল হোটেলকর্মীর

বুধবার, ১৭ জুন ২০২৬ , ০২:০৮ পিএম

রংপুরে থালা-বাসন পরিষ্কার করাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক হোটেলকর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে হোটেল মালিক মিজানুর রহমান মনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) রাত ৯টার দিকে নগরীর ব্যস্ততম খামার মোড় এলাকার একটি ভাজাপোড়ার দোকানে এ ঘটনা ঘটে।

নিহত হোটেলকর্মীর নাম শাওন (২৫)। তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার বাসিন্দা।

গ্রেপ্তার হোটেল মালিক মনু নগরীর নোয়াখালী পট্টি খামার মোড়ের বাসিন্দা। ওই এলাকায় দীর্ঘদিন ধরে তিনি ও তার বাবা মিলে ভাজাপোড়ার ব্যবসা করছিলেন।

জানা গেছে, ঘটনার রাতে হোটেলে থালা-বাসন পরিষ্কার করা নিয়ে মালিক মিজানুর রহমান মনুর সঙ্গে কর্মচারী শাওনের তীব্র কথা-কাটাকাটি হয়। বিতর্কের একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে শাওন হোটেল থেকে বের হয়ে নিজের বাড়ির দিকে হাঁটতে শুরু করেন। এ সময় হোটেল ব্যবসায়ী মনু দোকান থেকে একটি হাতুড়ি নিয়ে পেছন থেকে শাওনের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শাওনের মৃত্যু হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

রেললাইনের পাশে মিলল কলেজ শিক্ষকের মরদেহ

হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘটনাস্থল থেকেই মূল অভিযুক্ত হোটেল ব্যবসায়ী মিজানুর রহমান মনুকে গ্রেপ্তার করে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) সনাতন চক্রবর্তী গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পুলিশ মূল অভিযুক্ত মিজানুর রহমান মনুকে গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডের মূল কারণ ও ঘটনার বিস্তারিত জানতে পুলিশের তদন্ত চলছে।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আরটিভি/এমএইচজে