images

দেশজুড়ে

নেশার টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন

বুধবার, ১৭ জুন ২০২৬ , ০৫:১৩ পিএম

শরীয়তপুরের গোসাইরহাটে নেশার টাকা না দেওয়ায় আমির হোসেন সরদার (৪৫) নামে এক ব্যক্তি আপন ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ভাইয়ের নাম সোহেল সরদার।

মঙ্গলবার (১৭ জুন) রাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের পট্টি ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন সোহেল সরদার।

জানা গেছে, পাঁচ ভাইবোনের মধ্যে সবার বড় আমির হোসেন ব্যবসা করে জীবন নির্বাহ করতেন। সোহেল ছিলেন সবার ছোট।

প্রত্যক্ষদর্শী ও নিহতের বোন রাশিদা বেগম জানান, সোহেল সরদার দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের নেশায় আসক্ত। নেশার টাকা জোগাড় করার জন্য প্রায় সময় বাসায় ভাঙচুর করে থাকে। মঙ্গলবার রাত দশটার দিকে চতুর্থ ভাই জুয়েল সরদারের আলমারির ড্রয়ার থেকে টাকা চুরি করে নিয়ে যান। এ নিয়ে প্রথমে সোহেল ও জুয়েলের মধ্যে কথা কাটাকাটি হয়। খবর পেয়ে বড় ভাই আমির হোসেন তাদের থামাতে আসেন। একপর্যায়ে শাসন করার জন্য জুয়েলকে কয়েকটি চড়-থাপ্পড় মারেন আমির হোসেন। এরপরই ক্ষিপ্ত হয়ে জুয়েল পেছন থেকে কাঠ দিয়ে আমির হোসেনের মাথায় আঘাত করে। এতে আমির হোসেন গুরুতর আহত হন।

আরও পড়ুন
Web-Image---Copy

মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে নেতাদেরও হাজতে পাঠানো হবে: আইনমন্ত্রী

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএইচজে