images

দেশজুড়ে

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু 

বুধবার, ১৭ জুন ২০২৬ , ০৭:৫৩ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয় বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রাজধানীর বর্ণমালা স্কুলের দশম শ্রেণির ছাত্র মেরাজ (১৫) ও একে স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র কায়েস ভুইয়ার (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের ৪ ঘণ্টা পর বুধবার (১৭ জুন) বিকেলে মরদেহদুটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত মেরাজ হোসেন রাজধানীর কদমতলী থানার শনিআখড়া এলাকার রাজু মিয়ার ছেলে ও কায়েস ভুইয়া রাজধানীর ধনিয়া এলাকার ফারুক ভুইয়ার ছেলে। 

তাদের সহপাঠীরা জানান, বুধবার দুপুর ২টার দিকে রাজধানীর একে স্কুল অ্যান্ড কলেজের ৩ জন ও বর্ণমালা স্কুলের ৪ জন শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুরা একত্রিত হয়ে মেঘনা নদীতে গোসল করতে নামে। প্রথমে দুজন পানিতে তলিয়ে যায় পরে তাদের উদ্ধার করে মেরাজ ও কায়েস পানিতে নামলে তারা দুজন নদীর পানির স্রোতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে ৪ ঘণ্টা পর প্রথমে মেরাজ হোসেন ও পরে কায়েস ভুইয়ার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন
Web-Image---Copy

ফেনীতে বজ্রপাতে প্রাণ গেল দুই শিশুর

স্বজনরা বলেন, স্কুল ফাঁকি দিয়ে আমাদেরকে না জানিয়ে মেঘনা নদীতে তারা ঘুরতে এসেছিল। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা এসে মেঘনা নদী দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে। শিক্ষার্থীরা কেউ সাঁতার জানত না। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জোন-২ এর উপপরিচালক মো. ওসমান গনি বলেন, খবর পেয়ে আমরা দুই শিক্ষার্থীর উদ্ধার অভিযান শুরু করি। পরে নিখোঁজের ৪ ঘণ্টা পর দুই শিক্ষার্থীর মরদেহ মেঘনা নদী থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৈদ্যেরবাজার নৌপুলিশ ফাড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমএইচজে