বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ০৯:২১ এএম
সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকা থেকে ইমা পারভীন চন্দনা (৩৫) নামে এক গৃহবধূ গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার বাবা মহিউদ্দীন শেখ সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ চন্দনা সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকার বাসিন্দা রবিউল ইসলাম ভেন্ডারের দ্বিতীয় স্ত্রী। তিনি তালা উপজেলার শিবপুর গ্রামের মহিউদ্দীন শেখের মেয়ে।
জিডি সূত্রে জানা যায়, চন্দনা তার স্বামীর সঙ্গে কাটিয়া লস্করপাড়া এলাকায় বসবাস করতেন। রোববার (১৫ জুন) সকাল ১০টার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। এরপর আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
জিডিতে মহিউদ্দীন শেখ অভিযোগ করেন, চন্দনাকে তার স্বামী শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এ কারণে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, স্বামী ও তার পরিবারের সদস্যরা তাকে কোথাও লুকিয়ে রাখতে পারেন অথবা তার কোনো ক্ষতি হয়ে থাকতে পারে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ নিশাত জানান, নিখোঁজের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সবদিক বিবেচনায় রেখে অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে। এখনো পর্যন্ত চন্দনার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও জানান, বিষয়টি দেশের সব থানাকে অবহিত করতে বেতার বার্তা পাঠানো হয়েছে। চন্দনার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা সাতক্ষীরা সদর থানায় যোগাযোগ করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
আরটিভি/এসকে