images

দেশজুড়ে

দুই রাউন্ড গুলিসহ রিভলবার উদ্ধার

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ১১:২৬ এএম

ঢাকার আশুলিয়ায় একটি মাদরাসা প্রাঙ্গণের নির্মাণাধীন ওয়াশরুম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৪। 

বুধবার (১৭ জুন) বিকেলে আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদরাসা প্রাঙ্গণে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-৪ এর সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদরাসা প্রাঙ্গণে অভিভাবকদের ওয়েটিং রুমের পাশের নির্মাণাধীন ওয়াশরুমে মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য মজুদ করে রেখেছে। পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় দুই সাক্ষীর উপস্থিতিতে ওয়াশরুমে তল্লাশি চালান।

তল্লাশির এক পর্যায়ে ওয়াশরুমের পূর্ব-দক্ষিণ কোণের টয়লেটের মেঝেতে কয়েকটি ইটের নিচে একটি ছেঁড়া হলুদ রঙের শপিং ব্যাগের ভেতর থেকে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রিভলবার এবং দুই রাউন্ড ২২ বোরের গুলিসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

আরও পড়ুন
Web-Image4

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

র‌্যাব জানায়, উদ্ধারকৃত রিভলবারটির ব্যারেল, আট চেম্বারবিশিষ্ট সিলিন্ডার, ট্রিগার, ট্রিগার গার্ড ও হ্যামার অক্ষত রয়েছে। অস্ত্রটির গায়ে ইংরেজিতে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা খোদাই করা রয়েছে। উদ্ধার হওয়া গুলির পেছনেও ইংরেজি অক্ষর ‘টি’ খোদাই করা ছিল।

র‌্যাব-৪, সিপিসি-২ এর এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অস্ত্র ও গুলি জব্দ করে প্রয়োজনীয় জব্দতালিকা প্রস্তুত করা হয়েছে। পরে উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং কারা এটি সেখানে রেখে গেছে তা উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় অস্ত্র আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরটিভি/আইএম