বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ০১:৪১ পিএম
চট্টগ্রামের মিরসরাইয়ে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া এক নবজাতক কন্যাশিশুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) ভর্তি করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৭ জুন) শিশুটিকে সেখানে স্থানান্তর করা হয়।
এর আগে, মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়ির সামনে মীর হোসেনের ঘরের দরজার কাছে একটি কালো পলিথিনের প্যাকেট থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে ঘরের সামনে পড়ে থাকা পলিথিনের ব্যাগ থেকে কান্নার শব্দ শুনে সেটি খুলে দেখেন মীর হোসেন। ভেতরে তিনি একটি সদ্যজাত কন্যাশিশুকে দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে বারইয়ারহাট সেফা ইনসান হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুটিকে আনার সময় তার ওজন স্বাভাবিকের চেয়ে কম ছিল এবং শারীরিক অবস্থাও দুর্বল ছিল। প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণের পর কিছুটা উন্নতি হলে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।
মীর হোসেন বলেন, সকালে দরজার সামনে একটি পলিথিনের প্যাকেট দেখতে পান তিনি। পরে কান্নার শব্দ শুনে খুলে দেখেন নবজাতক। এরপর স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নেওয়া হয়।
বারইয়ারহাট সেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস. এ. ফারুক বলেন, শিশুটির অবস্থা শুরুতে দুর্বল ছিল, তবে চিকিৎসার পর কিছুটা উন্নতি হয়েছে।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার জানান, খবর পেয়ে তিনি হাসপাতালে শিশুটির খোঁজ নেন। পরে জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় উন্নত চিকিৎসা ও নিরাপত্তার জন্য শিশুটিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির সার্বিক বিষয়ে প্রশাসন নজর রাখছে এবং প্রয়োজনীয় আইনগত ও সামাজিক সুরক্ষার ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এসকে