বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ০৮:২০ পিএম
রাঙামাটির সীমান্তবর্তী হরিণা এলাকা দিয়ে নদীপথে ভারতে পাচারের সময় চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ করেছে ছোট হরিণা ১২ বিজিবির একটি টহল দল।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ছোট হরিণা সীমান্ত দিয়ে নদীপথে ইঞ্জিনচালিত বোটে করে পাচারের সময় এসব পণ্য জব্দ করা হয়।
ছোট হরিণা বিজিবি সূত্রে জানা যায়, নদীপথে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে কিছু পণ্য পাচার করা হবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে টহল জোরদার করা হয়। এ সময় ইঞ্জিনচালিত একটি বোট থেকে ১৮ বস্তা চায়না রসুন ও ৯ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১ লাখ ২৯ হাজার টাকা।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে একটি চক্র বাংলাদেশি পণ্য পাচারের চেষ্টা করে। তবে বিজিবির তৎপরতায় তারা বারবার ব্যর্থ হচ্ছে।
ছোট হরিণা জোনের কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান বন্ধে বিজিবি কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে কোনো অবৈধ পণ্য যাতে সীমান্ত পাড়ি দিতে না পারে, সে জন্য বিজিবি সর্বদা সজাগ রয়েছে।
উল্লেখ্য, গত মাসেও প্রায় ১ হাজার ৫০০ কেজি চায়না রসুন জব্দ করা হয়েছিল।
আরটিভি/টিআর