images

দেশজুড়ে

কুমিল্লায় দুই সহকারী পাবলিক প্রসিকিউটরের নিয়োগ বাতিল

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ০৯:০৭ পিএম

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের দুই সহকারী পাবলিক প্রসিকিউটরের (এপিপি) নিয়োগ বাতিল করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৮ জুন) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মনির হোসেন পাটোয়ারী এবং অ্যাডভোকেট সাইদুল ইসলামের নিয়োগ প্রত্যাহার করা হয়েছে। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে তাদের নিয়োগ বাতিল করা হয়েছে এবং সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

আরও পড়ুন
11

ঢাকার মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৯ অক্টোবর জারি করা এক স্মারকের মাধ্যমে ওই দুই আইনজীবীকে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে সেই নিয়োগ বাতিল করা হয়েছে।

আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব (জিপি-পিপি) মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট, জেলা ও দায়রা জজ, পাবলিক প্রসিকিউটরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আদেশটি আইন ও বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে নিয়োগ বাতিলের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অ্যাডভোকেট মনির হোসেন পাটোয়ারী ও অ্যাডভোকেট সাইদুল ইসলাম বলেন, সম্প্রতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান মিয়া প্রধানের মামলার বিষয়ে তারা বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন। তাদের ধারণা, ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই তাদের এপিপির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তবে তারা দাবি করেন, জিসান প্রধানের মামলায় তারা কোনো পক্ষের আইনজীবী নন। মামলায় তাদের কোনো ওকালতনামা নেই এবং জিসান প্রধানের পরিবারও তাদের নিয়োগ দেয়নি।

এ বিষয়ে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইয়ুমুল হক রিঙ্কু বলেন, প্রজ্ঞাপনের একটি অনুলিপি পেয়েছি। এটি আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। মন্ত্রণালয় প্রয়োজন মনে করলে যে কাউকে নিয়োগ দিতে বা নিয়োগ বাতিল করতে পারে।

উল্লেখ্য, নিয়োগ বাতিল হওয়া অ্যাডভোকেট মনির হোসেন পাটোয়ারী ও অ্যাডভোকেট সাইদুল ইসলাম ২০২৪ সালের ২৯ অক্টোবর থেকে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আরটিভি/টিআর