বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ১০:০০ পিএম
সুনামগঞ্জ সদরে বৃদ্ধ এক মাদক (ইয়াবা) কারবারির মুখ থেকে ইয়াবার প্যাকেট উদ্ধার করতে গিয়ে কামড়ে আহত হয়েছেন এক যুবক।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের এ ঘটনা ঘটে।
অভিযুক্ত বৃদ্ধ ইয়াবা ব্যবসায়ীর নাম ফিরোজ মিয়া (৬০)। তিনি সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের নৈগাং গ্রামের আফতাব মিয়ার ছেলে।
এ সময় ফিরোজ মিয়ার কাছ থেকে একটি পলিথিনের প্যাকেটে থাকা ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার ভিডিও সুনামগঞ্জ সদর মডেল থানার ফেসবুক পেজে প্রকাশ করা হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
পুলিশ সুত্রে জানা গেছে, জাহাঙ্গীরনগর ইউনিয়নের একটি এলাকায় ইয়াবা বেচাকেনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বৃদ্ধ ফিরোজ মিয়ার কাছে ইয়াবার একটি প্যাকেট পাওয়া যায়। তবে তিনি ইয়াবা লুকানোর চেষ্টা করেন। একপর্যায়ে ইয়াবার প্যাকেটটি গিলে ফেলার উদ্দেশ্যে মুখের ভেতরে ঢুকিয়ে দেন। পরে পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় তার মুখ থেকে ইয়াবার প্যাকেট উদ্ধার করে। এ সময় বৃদ্ধের কামড়ে এক যুবক আহত হন। তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নেন। পরে ইয়াবাসহ ফিরোজ মিয়াকে আটক করে পুলিশ।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইয়াবা উদ্ধার অভিযানে গিয়েছিল। এ সময় ওই বৃদ্ধ তার কাছে থাকা ইয়াবার প্যাকেট গিলে ফেলার চেষ্টা করেন। তবে স্থানীয় জনগণের সহযোগিতায় তা সম্ভব হয়নি। তার মুখের ভেতর থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবা উদ্ধারের সময় বৃদ্ধ ফিরোজ মিয়ার কামড়ে একজন আহত হয়েছেন। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরটিভি/টিআর