বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ১০:৩১ পিএম
মাগুরার সদরের বেরইল পলিতার রামদেরগাতি এলাকায় এক নবজাতককে বিক্রির ঘটনায় শিশুটিকে উদ্ধার করেছে মাগুরা জেলা পুলিশ। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পুলিশ বাবার বিক্রি করে দেওয়া ওই শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের রামদেরগাতি এলাকার বাসিন্দা মো. সাগর হোসেন (৩৪) ও তার স্ত্রী মনিরা খাতুনের (২৫) ঘরে একটি পুত্রসন্তানের জন্ম হয়।
অভিযোগ রয়েছে, অর্থের লোভে শিশুটির পিতা মো. সাগর হোসেন নবজাতককে ২৫ হাজার টাকার বিনিময়ে উপজেলার মঘী ইউনিয়নের দক্ষিণ বীরপুর গ্রামের মো. শাহাবুর ও তার স্ত্রী মনিরা খাতুনের কাছে বিক্রি করেন।
পরবর্তীতে শিশুটির বয়স প্রায় ১ মাস ২৫ দিন হলে তার মা বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চান। অভিযোগ পাওয়ার পর মাগুরা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শত্রুজিতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শুভঙ্কর রায়ের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় শিশুটিকে মো. শাহাবুর ও তার স্ত্রী মনিরা খাতুনের কাছ থেকে উদ্ধার করে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মাগুরা জেলা পুলিশ জনগণের নিরাপত্তা, মানবাধিকার সুরক্ষা এবং অপরাধ দমনে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
আরটিভি/টিআর