images

দেশজুড়ে

গোপালগঞ্জের চার আ. লীগ নেতার পদত্যাগ, যা জানা গেল

শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ০৮:২৯ পিএম

কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের চার নেতা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে পৃথক সংবাদ সম্মেলন করেছেন।

শুক্রবার (১৯ জুন) বিকালে নিজ নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।

পদত্যাগকারী নেতারা হলেন, কার্যক্রম নিষিদ্ধ কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মো. কাইয়ুম শেখ, মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. বাপ্পী মুন্সি, একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নওশের সরদার এবং উজানী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহানূর শেখ শাহিন।

আরও পড়ুন
803_copy

কর্মীদের অপকর্ম নিয়ন্ত্রণে ব্যর্থ দল দেশ শাসনের অযোগ্য:  ডা. শফিকুর রহমান

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তারা জানান, এর আগেই তারা নিজ নিজ পদ থেকে পদত্যাগপত্র সংশ্লিষ্ট কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জমা দিয়েছেন।

এর মধ্যে মো. কাইয়ুম শেখ ৫ জুন ২০২৫, মো. বাপ্পী মুন্সি ৪ জানুয়ারি ২০২৬, নওশের সরদার ১১ মার্চ ২০২৬ এবং মো. শাহানূর শেখ শাহিন পদত্যাগপত্র দাখিল করেন।

লিখিত বক্তব্যে তারা বলেন, শুক্রবার (১৯ জুন) সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছায় ও আনুষ্ঠানিকভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে তাদের সাংগঠনিক সম্পর্কের ইতি টানলেন। ভবিষ্যতেও দলটির সঙ্গে তাদের কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক থাকবে না বলেও তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থরক্ষায় তারা সবসময় অঙ্গীকারবদ্ধ থাকবেন। রাজনৈতিক কিংবা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

তবে এ বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ জেলা বা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরটিভি/ এসকেডি