শনিবার, ২০ জুন ২০২৬ , ০২:১৮ পিএম
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জহুরুল আনোয়ার (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া এলাকার নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জহুরুল আনোয়ার ওই এলাকার মৃত ফজল করিম ও মৃত রিয়াজু খাতুন (প্রকাশ ওয়াজা খাতু) দম্পতির সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক ১০টা থেকে শনিবার সকাল সাড়ে ৬টার মধ্যে যেকোনো সময় পরিবারের সবার অগোচরে জহুরুল আনোয়ার তার বসতঘরের সিঁড়ি রুমের রেলিংয়ের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সকালে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা সিঁড়ির রেলিংয়ে তার নিথর দেহ ঝুলতে দেখে ফটিকছড়ি থানা পুলিশকে খবর দিলে পুলিশ পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানতে পেরেছি, তিনি জায়গাজমির বিষয় নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন।
নিহতের ছেলে খালেদ জানান, সম্প্রতি তার বাবা এক আত্মীয়ের কাছে কিছু জায়গা বিক্রি করেছিলেন। সেই জায়গাসংক্রান্ত জটিলতা নিয়ে তিনি বেশ কয়েকদিন ধরে চরম মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। এছাড়া তার অন্যকোনো সমস্যা বা পারিবারিক কলহ ছিল না।
আরটিভি/এমএইচজে