images

দেশজুড়ে

প্রতিবেশীর ঘরের দেয়াল ধসে গৃহবধূর মৃত্যু

শনিবার, ২০ জুন ২০২৬ , ০৫:১৫ পিএম

গাজীপুরের শ্রীপুরে প্রতিবেশীর মাটির ঘরের দেয়াল ধসে এর নিচে চাপা পড়ে কোহিনুর বেগম (৪৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (লিচু বাগান) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কোহিনুর বেগম লিচু বাগান এলাকার জসিম উদ্দিনের স্ত্রী। 

নিহতের স্বামী জসিম উদ্দিন বলেন, সকালে নিজ বাড়িতে রান্নাঘরে কাজ করছিলেন কোহিনুর। দেয়ালটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। প্রতিবেশী জয়নাল কাউকে কিছু না বলে তার পুরোনো মাটির ঘরের দেওয়াল ভাঙার কাজ করেন। দেওয়ালের কিছু অংশ ভেঙে ফেললে হঠাৎ করে পুরো দেয়াল ভেঙে পাশের রান্না ঘরের ওপর পড়ে যায়। এতে দেয়ালের নিচে চাপা পড়ে কোহিনুর জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মাইশা ফারজানা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই গৃহবধূর মৃত্যু হয়েছে। তার বুকে আঘাতের চিহ্ন ছিল। নিহতের স্বজনদের কোনো অভিযোগ নেই মর্মে হাসপাতাল থেকে একটি কাগজে স্বাক্ষর দিয়ে মরদেহ নিয়ে যায় তার ছেলে।

প্রতিবেশী জয়নালের মুঠোফোন নাম্বারে একাধিকবার ফোন দিলেও বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখনও পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ দিলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে