শনিবার, ২০ জুন ২০২৬ , ০৫:৩৫ পিএম
জামালপুরের দেওয়ানগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের টাঙানো একটি বড় আকারের পতাকা চুরির ঘটনায় স্থানীয় পুলিশ তদন্তকেন্দ্রে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে জিডিটি করেন ভুক্তভোগী সমর্থকরা।
শনিবার (২০ জুন) সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
জিডি সূত্রে জানা যায়, ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে সানন্দবাড়ী মধ্যপাড়া গ্রামের ‘ভেরুসেল এক্সপ্রেস’ ক্লাবের সদস্যরা চাঁদা তুলে প্রায় ২০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি আর্জেন্টিনার পতাকা তৈরি করেন। পরে পতাকাটি এলাকার নদীর পাশের একটি খুঁটির সঙ্গে টাঙানো হয়। তবে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পতাকাটি চুরি হয়েছে বলে জানতে পারেন ক্লাবের সদস্যরা।
পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পতাকার কোনো সন্ধান না পেয়ে তারা পুলিশের শরণাপন্ন হন এবং একটি সাধারণ ডায়েরি করেন।
ক্লাব সদস্য টুটুল শিকদার বলেন, অনেক কষ্ট ও পরিশ্রম করে টাকা তুলে আমরা পতাকাটি তৈরি করেছিলাম। যারা এটি চুরি করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পতাকা হারিয়ে ক্লাবের সদস্যরা গভীরভাবে ব্যথিত। অনেকেই নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে এতে অবদান রেখেছিল।
এ বিষয়ে ইনচার্জ আবুল খায়ের বলেন, ঘটনার বিষয়ে সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের উৎসবমুখর পরিবেশের মধ্যেই এমন ঘটনায় আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
আরটিভি/এসকে