শনিবার, ২০ জুন ২০২৬ , ০৫:৪৮ পিএম
মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তিন মাসে প্রধানমন্ত্রী যা করেছেন অন্যরা তিনবছরেও তা করতে পারত না। তিনি সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত অফিস করেন। জনগণের কল্যাণে রাত-দিন কাজ করে যাচ্ছেন।
শনিবার (২০ জুন) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের শোকসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশে যে জুলুম-নির্যাতন চালিয়েছে তার নজির পৃথিবীর আর কোথাও নেই। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জিয়া পরিবার। ১৭ বছর ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। পৃথিবীতে এমন রাজনৈতিক নির্যাতনের শিকার আর কোথাও হয়নি।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের সব পর্যায়ের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। কেউ নির্যাতনের বাইরে ছিল না। জেলা-উপজেলা লেভেলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে গোপালপুর-ভূঞাপুরের মানুষ। এমনকি ষড়যন্ত্রও বেশি হয়েছে।
তিনি আরও বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে দলের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। নেতাকর্মীদের আমরা সবসময় পরিবার মনে করি। আমরা জিয়া পরিবারের লোক। দেশ নিয়েও ষড়যন্ত্র চলছে, সবাই ঐক্যবদ্ধ থেকে সে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল- ২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ বিএনপির নেতাকর্মীরা।
আরটিভি/এমএইচজে