images

দেশজুড়ে

মাগুরায় ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

শনিবার, ২০ জুন ২০২৬ , ০৯:৪৪ পিএম

ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে প্রিয় দল ব্রাজিলের প্রতি Support জানাতে মাগুরায় ব্রাজিল ভক্তদের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেলে শহরের বিভিন্ন এলাকা থেকে শত শত ব্রাজিল সমর্থক জাতীয় দলের পতাকা ও জার্সি পরে শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রাটি শহরের সরকারি কলেজ এলাকা থেকে শুরু হয়ে ভায়না মোড়, ঢাকা রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। এ সময় ব্রাজিলের সবুজ-হলুদ পতাকায় মুখর হয়ে ওঠে পুরো শহর। প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহন শোভাযাত্রায় অংশ নেয়।

সমর্থকরা জানান, ব্রাজিল শুধু একটি ফুটবল দল নয়; এটি তাদের আবেগ ও ভালোবাসার প্রতীক। বিশ্বকাপকে সামনে রেখে প্রিয় দলের প্রতি সমর্থন ও শুভকামনা জানাতেই এ আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাজুড়ে ব্রাজিলের পক্ষে নানা স্লোগান, বাঁশি ও উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, বিশ্বকাপ চলাকালে ব্রাজিল দলের খেলা উপলক্ষে জেলাজুড়ে আরও বিভিন্ন কর্মসূচি ও সমর্থক সমাবেশের আয়োজন করা হবে। এদিকে শোভাযাত্রাকে ঘিরে শহরের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আরটিভি/টিআর