images

দেশজুড়ে

মাদকের বিরুদ্ধে আইন পরিবর্তন করা হচ্ছে: মুশফিকুর রহমান

শনিবার, ২০ জুন ২০২৬ , ১১:১৮ পিএম

মাদকের বিরুদ্ধে বিদ্যমান আইন সংশোধন করে আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান।

শনিবার (২০ জুন) দুপুরে কসবা উপজেলার বায়েক শিক্ষা সদন উচ্চবিদ্যালয়ে রহমান ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত সায়েন্স ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মুশফিকুর রহমান বলেন, মাদক ব্যবসায়ীরা গ্রেপ্তার হলেও অনেক ক্ষেত্রে দ্রুত জামিনে মুক্ত হয়ে যায়। বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাদকবিরোধী আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মাদক ব্যবসায়ীরা কঠোর শাস্তির মুখোমুখি হয় এবং মাদক ব্যবসা থেকে সরে আসে।

তিনি আরও বলেন, নারী ও শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের বিরুদ্ধে যেভাবে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির বিধান রয়েছে, একইভাবে মাদকের বিরুদ্ধেও কঠোর আইন প্রণয়ন করা হবে।

এ সময় তিনি এলাকার মাদক ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, এখনই মাদক ব্যবসা বন্ধ করতে হবে। মাদকের কারণে সমাজের তরুণ প্রজন্ম ধ্বংস হচ্ছে। শিক্ষার্থীরা পড়াশোনা থেকে বিচ্যুত হলে ভবিষ্যতে তারা প্রতিষ্ঠিত হতে পারবে না। একজন মাদক ব্যবসায়ীর পরিবারের সামাজিক অবস্থানও ক্ষতিগ্রস্ত হয়। তাই মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সায়েন্স ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহভীন রহমান মুনিয়া, আশফাক জামিল রহমান, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা, জেলা বিএনপির সহসভাপতি মুহম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, জেলা কৃষক দলের সাবেক সহসভাপতি নাছির উদ্দিন হাজারী এবং উপজেলা বিএনপির সহসভাপতি ইকলিল আযম।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরটিভি/টিআর