images

দেশজুড়ে

উত্তরে বাড়ছে নদ-নদীর পানি, বন্যা নিয়ে যা জানা যাচ্ছে

রোববার, ২১ জুন ২০২৬ , ০২:০২ পিএম

দেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামের ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে জেলার সবকটি নদ-নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

রোববার (২১ জুন) দুপুরে পানি উন্নয়ন বোর্ডের নদ-নদীর পর্যবেক্ষণ প্রতিবেদনে এমন তথ্য জানানো হ‌য়ে‌ছে।

সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ধরলা নদীর পানি ৫ সেন্টিমিটার বিপৎসীমার ১ দশমিক ৯৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দুধকুমার নদে পানি ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১ দশমিক ১৩ মিটার নিচদিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র নদের পানি সামান্য বাড়লেও বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে কমতে শুরু করেছে। সকাল ৬টা থেকে ১২ পর্যন্ত এ নদীর পানি ৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে উজানে ভারতের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও স্থানীয় বৃষ্টিপাতের কারনে এসব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে ছোটখাটো একটি বন্যার আশঙ্কা করছে আবহাওয়াবিদরা।

কুড়িগ্রামের আবহাওয়া ও কৃষি পর্যাবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, জেলায় স্বাভাবিক মৌসুমি বৃষ্টিপাত হচ্ছে। গেল ২৪ ঘন্টায় জেলায় ২৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। উজানে ভারতের অংশেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। ফলে এখন পর্যন্ত বন্যার আশঙ্কা নেই।

আরও পড়ুন
3rd

শরীয়তপুরে ভাতের হোটেলে জুয়া খেলার সময় আটক ৬

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রা‌কিবুল ইসলাম জানান, উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে জেলার কয়েকটি নদীর পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তবে বর্তমানে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে থাকায় তাৎক্ষণিক বন্যার আশঙ্কা নেই। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরটিভি/এসএস