images

দেশজুড়ে

মাদক ব্যবসায় বাধা, সন্ত্রাসীর হামলায় ১১ মাসের শিশু জখম

রোববার, ২১ জুন ২০২৬ , ০৭:৫৫ পিএম

যশোরের বাঘারপাড়ায় মাদক ব্যবসায়ীর ধারালো অস্ত্রের আঘাতে ১১ মাস বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। 

রোববার (২১ জুন) সকাল সাড়ে আটটার দিকে বাঘারপাড়া উপজেলার বড় কুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিশুর বাবা প্রতিবেশীর মাদক ব্যবসায় বাধা দেয়ার এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পরিবারের।

আহত শিশু সাহাবীর হোসেন ওই গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও আহত শিশুর পিতা আসাদুল জানান, প্রতিবেশী কুবাদ আলির ছেলে ইসমাইল (৪০) ও তার স্ত্রী রেক্সোনা (৩৫) দীর্ঘদিন ধরে তার বাড়ির পাশে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। আসাদুল ইসলাম প্রতিবেশী ইসমাইলকে মাদক ব্যবসা বন্ধের কথা বলেন। এতে চরম ক্ষিপ্ত হয়ে ইসমাইল ঘর থেকে ধারালো কাঁচি এনে আসাদুলকে হত্যার উদ্দেশ্যে কোপ মারেন। এ সময় আসাদুল নিজেকে বাঁচাতে সরে গেলে কোপটি তার কোলে থাকা ১১ মাসের শিশু সাহাবীরের ডান পায়ে লাগে। এতে শিশুটির পা কেটে মারাত্মক জখম হয়।

আরও পড়ুন
sagata

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

এই ঘটনার পর ইসমাইল পালিয়ে যান। ঘটনার পরপরই পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত জানান, শিশুটির ডান পায়ের হাঁটুর নিচের অংশ গভীরভাবে কেটে গেছে। আঘাতটি সরাসরি হাড়ে লেগেছে। শিশুটির পা রক্ষার্থে চিকিৎসকদের টিম সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতকে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

আরটিভি/ এসকেডি