সোমবার, ২২ জুন ২০২৬ , ০৩:২৪ পিএম
রাজবাড়ীর কালুখালীতে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধীমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের সৈয়দ আশরাফের ছেলে।
নিহতের ফুফাতো ভাই মিজানুর রহমান লিমন জানান, এ দিন সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী মামা শ্বশুরকে আনতে প্রাইভেটকার নিয়ে রওনা হন আব্দুল্লাহ। পথে কালুখালী উপজেলার গান্ধীমারা এলাকায় পাংশা হাইওয়ে থানার পাশ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং আব্দুল্লাহ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পাংশা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/এমএম