images

দেশজুড়ে

৫ হাজার টাকা ঋণ নেওয়াই কাল হলো রাসেলের

সোমবার, ২২ জুন ২০২৬ , ০৫:৫৭ পিএম

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পাওনা টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে রাসেল (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২২ জুন) বেলা ১১টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত রাসেল উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর গ্রামের কুতুবউদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে রাসেল প্রতিবেশী মো. ছাইদুর রহমানের কাছ থেকে ৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা পরিশোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার সকালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ছাইদুর রহমান ও তার সহযোগীরা রাসেলকে মারধর করেন। এতে রাসেল গুরুতর আহত হলে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার প্রস্তুতির মধ্যে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা সেজে বেলালের ভয়াবহ প্রতারণা, অতঃপর...

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা ফজলুর রহমান বলেন, ছোট একটা টাকার বিষয় ছিল, কিন্তু ঝগড়া অনেক দিন ধরেই চলছিল। আজকে হঠাৎ করেই সকালে বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং মারধরের ঘটনা ঘটে। রাসেলকে মারধরের পর আমরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করি, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। এতে এলাকায় শোক ও উত্তেজনা দুটোই বিরাজ করছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) চলতি দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে