images

দেশজুড়ে

দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রীর

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ০১:৩৫ পিএম

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি ডেপুটি বাজার এলাকায় পূরবী পরিবহন ও গ্রীনলাইন পরিবহনের দুটি বাসের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

নিহত সুমাইয়া জান্নাত বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের আরব শাহ ঘোনাপাড়া জমিদার বাড়ির মাওলানা আরিফুর রহমানের মেয়ে। তিনি চট্টগ্রাম মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবারসহ তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় বসবাস করতেন।

চট্টগ্রামমুখী পূরবী পরিবহন ও কক্সবাজারমুখী গ্রীনলাইন পরিবহনের বাস দুটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে এক নারী যাত্রী (সুমাইয়া জান্নাত) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত আরও কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহতের মা ইয়াসমিন আক্তার জানান, সকালে সুমাইয়া মালুমঘাট থেকে চট্টগ্রামের উদ্দেশে কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পরই তারা দুর্ঘটনার খবর পান।

লোহাগাড়া ট্রমা সেন্টারের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সায়মুন সিরাজ বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক তরুণীকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, চুনতিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নারী যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাস দুটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

আরটিভি/টিআর