মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ০২:৩৪ পিএম
জামালপুরের বকশীগঞ্জে একই গ্রাম থেকে সাত দিন ধরে নিখোঁজ রয়েছে আফসানা আক্তার (১৩) এবং আশা মনি (১১) নামে দুই শিক্ষার্থী।
নিখোঁজ আফসানা আক্তার গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং আশা মনি স্থানীয় একটি নূরানী মাদ্রাসার শিক্ষার্থী। দুজনের বাড়িই বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রামে।
ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ জুন বিকেল ৫টার দিকে তারা বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আর ফিরে আসেনি। পরে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় নিখোঁজ আফসানা আক্তারের বাবা মো. আল আমিন বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তবে থানায় অভিযোগ করার পরও এখন পর্যন্ত মেয়ের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে।
ভুক্তভোগী পরিবার মেয়েদের দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, এ ব্যাপারে পুলিশ খোঁজ নিচ্ছে। দুই ছাত্রীকে উদ্ধারে পুলিশ কাজ করছে।
আরটিভি/এমএইচজে