images

দেশজুড়ে / স্বাস্থ্য

ভিটামিন-এ ক্যাপসুল পাবে চাঁদপুরের ৩ লাখ ৬৬ হাজার শিশু

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ০৩:৫৬ পিএম

চাঁদপুর জেলায় এ বছর ৩ লাখ ৬৬ হাজার ৮৮১ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন জানান, আগামী ২৮ জুন দেশে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। ওইদিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর বয়স ছয়মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানো জরুরি। চাঁদপুর জেলার ৮ উপজেলার দুটি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৮ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২৪ হাজার ৮৭৩ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২ হাজার ৩৩২টি টিকা কেন্দ্রে কেন্দ্রে বিরতিহীনভাবে এই কার্যক্রম চলবে।

তিনি বলেন, ভিটামিন-এ শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত জটিলতা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি যোগ্য শিশুকে এ ক্যাম্পেইনের আওতায় আনা অত্যন্ত জরুরি। স্বাস্থ্য বিভাগের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা এ কার্যক্রম সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ক্যাম্পেইনের দিন কোনো শিশু বাদ পড়লে তাদের খুঁজে বের করে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে বিশেষ ‘বাদপড়া শিশু অনুসন্ধান কার্যক্রম’ পরিচালনা করা হবে। এ কার্যক্রমের আওতায় মাঠপর্যায়ে প্রস্তুতকৃত ওয়ার্ড ম্যাপ অনুযায়ী প্রতিটি সাব-ব্লকে প্রতিদিন দুটি বিশেষ দল সকাল ৮টা থেকে কাজ শুরু করবে। প্রতিটি দলে দুইজন করে মাঠকর্মী থাকবেন। তারা প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রতিদিন গড়ে ২০ জন বাদপড়া শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে কাজ করবেন। চার দিনের মধ্যে পুরো ওয়ার্ডের অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

লক্ষ্মীপুরে ৩ লাখ ২০ হাজার শিশু পাবে ভিটামিন-এ ক্যাপসুল 

সভাপতির বক্তব্যে সোহেল রুশদী বলেন, জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুধু একটি স্বাস্থ্য কর্মসূচি নয়, এটি শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ কর্মসূচির সফলতা নির্ভর করে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতার ওপর। গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই ক্যাম্পেইন সম্পর্কে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে জেলার প্রতিটি অভিভাবকের কাছে বার্তা পৌঁছে দিতে সাংবাদিকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টায় জেলার শতভাগ যোগ্য শিশুকে ভিটামিন-এ ক্যাপসুলের আওতায় আনা সম্ভব হবে।

এ ছাড়া কর্মশালায় বক্তব্য দেন- চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এ. লতিফ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. মোস্তফা কামাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা, আরটিভির স্টাফ রিপোর্টার শরীফ শরীফ চৌধুরী, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ, এখন টিভির প্রতিবেদক তালহা জুবায়ের 

এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাংবাদিক এম ফরিদুল ইসলাম উকিল, এমরান হোসেন রাজন, বোরহান উদ্দিন ডালিম, সাইদ হোসেন অপু চৌধুরীসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আরটিভি/এমএইচজে