images

দেশজুড়ে

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুজনের

বুধবার, ২৪ জুন ২০২৬ , ০৮:৪৩ এএম

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বালুবাহী পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পুলিশ পিকআপ ভ্যানসহ চালক মহিউদ্দিন (৪০) কে আটক করেছে।  

মঙ্গলবার (২৩ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সোনাপুর-কবিরহাট সড়কের বারীপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাসেম ব্যাপারী বাড়ির কামাল উদ্দিনের ছেলে তারেক রহমান শিবলু (১৬) ও ৯ নম্বর ওয়ার্ডের গফুর আলী জমাদার বাড়ির রহমত উল্যার ছেলে জিহাদ হোসেন (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কবিরহাট থেকে একটি বালুবাহী পিকআপ ভ্যান সোনাপুরের দিকে যাচ্ছিল। রাত পৌনে ৯টার দিকে বারীপুকুর পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি পিকআপ ভ্যানের নিচে ঢুকে যায়। এতে দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুন
Web-Image3

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁইয়া জানান, মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। একইসঙ্গে পিকআপ ভ্যানের চালক মহিউদ্দিনকে গাড়িসহ আটক করা হয়েছে। 

তিনি আরও জানান, নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম