images

দেশজুড়ে

সিমেন্টবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ১, আহত ৪

বুধবার, ২৪ জুন ২০২৬ , ০৮:৫৩ এএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে একজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক, হেলপারসহ আরও চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের মিলন বাজার এলাকায় চান্দুরা-সিঙ্গারবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে সিমেন্টবোঝাই ট্রাকটি চম্পকনগর বাজারের দিকে যাচ্ছিল। পথে মিলন বাজার এলাকায় চলমান সড়ক নির্মাণকাজে ব্যবহৃত একটি রোলারকে অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ট্রাকে থাকা শ্রমিক রাসেল মিয়া গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
Web-Image4

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুজনের

এ ঘটনায় ট্রাকচালক আবুল কালাম (৩৫), হেলপার জয়নাল (২২), শ্রমিক আমিনুল হক (২৫) ও শফিকুল ইসলাম (২২) আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদেরও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম