বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০:০০ এএম
মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলায় এক আইসক্রিম কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার দিঘিরপাড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানকালে ‘ছোয়া আইসক্রিম ফ্যাক্টরি’তে মনিটরিং করে দেখা যায়, উৎপাদিত আইসক্রিমের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখ করা হচ্ছে না। এ অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার সেলিম মাদবরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে আইসক্রিমের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং এমআরপি স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশনা প্রদান করেন।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তাকে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং টংগিবাড়ি থানা পুলিশের একটি দল।
আরটিভি/আইএম