বুধবার, ২৪ জুন ২০২৬ , ১২:৫৭ পিএম
সংসার ভাঙনের মুখে থাকা ঝিনাইদহের মহেশপুর উপজেলার এক গৃহবধূ অবশেষে দেড় মাস বয়সী যমজ কন্যাসন্তানকে নিয়ে স্বামীর ঘরে ফিরেছেন। দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও তালাকের জটিলতা কাটিয়ে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে তাদের পুনর্মিলন ঘটেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে মহেশপুর উপজেলার কাজিরবের ইউনিয়নের নতুন কোলা গ্রামের রাকিবুল ইসলামের সঙ্গে পাশের পুরাতন কোলা গ্রামের রিনা খাতুনের বিয়ে হয়। গর্ভধারণের ছয় মাস পর আল্ট্রাসনোগ্রাফিতে যমজ কন্যাসন্তানের বিষয়টি জানার পর থেকেই রিনার ওপর মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। একপর্যায়ে তিনি বাবার বাড়িতে চলে যান এবং সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে দুই কন্যাসন্তানের জন্ম দেন।
পরিবারের অভিযোগ, সন্তান জন্মের পরও স্বামী বা তার পরিবারের কেউ নবজাতকদের দেখতে যাননি। উল্টো রিনাকে তালাকনামা পাঠানো হয় এবং সন্তানদের বিক্রি করে দেনমোহরের টাকা পরিশোধের হুমকি দেওয়া হয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে বিষয়টি মহেশপুর থানা পুলিশের নজরে আসে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের উদ্যোগে উভয় পক্ষকে নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পুলিশের মধ্যস্থতায় স্বামী-স্ত্রীর মধ্যে সমঝোতা হয় এবং তারা একসঙ্গে সংসার করার সিদ্ধান্ত নেন।
পরে রিনা খাতুন তার দুই কন্যাসন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে ফিরে যান। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী পারিবারিক বিরোধ মীমাংসায় পুলিশের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।
আরটিভি/এমএইচজে