বুধবার, ২৪ জুন ২০২৬ , ০৫:৪৯ পিএম
চাঁপাইনবাবগঞ্জ শহরে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার জেরে বন্ধুর ছুরিকাঘাতে রজব আলী (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার মসজিদপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত রজব আলী মসজিদপাড়া এলাকার নজরুল ইসলাম বাবুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রজব আলী, জিশান আলী ও মেহেদী হাসান দীর্ঘদিনের বন্ধু। বুধবার দুপুরে তারা একসঙ্গে অবস্থানকালে তুচ্ছ একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে জিশান আলী ধারালো অস্ত্র দিয়ে রজব আলীর বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ইসারুল ইসলাম তুষার বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। তার বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরটিভি/এসএস