বুধবার, ২৪ জুন ২০২৬ , ০৭:০৩ পিএম
দিনাজপুরে পৃথক অভিযানে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনার কাজে ব্যবহৃত ১টি মোবাইল, ১টি ল্যাপটপ ও ১টি মোটরসাইকেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২৪ জুন) মধ্যরাত থেকে বুধবার (২৪ জুন) ভোর পর্যন্ত ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজারে এবং রংপুরের পীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার কশিগাড়ি গ্রামের শাফিউল ইসলাম, শ্রীচন্দ্রপুর গ্রামের নাহিদ
হোসেন (২৬) এবং রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুয়াতপুর গ্রামের শাহীন মিয়া (২৪) ও রানা মিয়া (২৫)।
বুধবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে দীর্ঘদিন যাবৎ একটি চক্র অনলাইনে জুয়া খেলা পরিচালনা করে আসছে। পরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে একজন এবং রংপুর জেলার পীরগঞ্জ থানার ১৪নং চতরা ইউনিয়নের কুয়াতপুর হামিদপুর গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে যে, আসামিরা অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট হিসেবে কাজ করে। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অনলাইন জুয়ার প্লাটফর্ম ব্যবহার করে অবৈধ অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করছিল এবং বিকাশ, নগদ, উপায় ইত্যাদি মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে জুয়ার গ্রাহকদের সাথে আর্থিক লেনদেন করত।
তিনি জানান, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২০/২৪ ধারা অধীনে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অনলাইন জুয়া বা ক্যাসিনোসহ বিভিন্ন সাইবার অপরাধ প্রতিরোধে র্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এমএইচজে