images

দেশজুড়ে

চট্টগ্রাম-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১২:৩৭ এএম

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রাম-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, জামালপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি রাত সোয়া ১০টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছায়। সেখানে ইঞ্জিনের দিক পরিবর্তনের পর রাত পৌনে ১১টার দিকে ট্রেনটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করতে গেলে স্টেশন এলাকাতেই তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশের একটি দল এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা যাত্রী ও ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য একটি রিলিফ ট্রেন ময়মনসিংহ থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এতে কোনো হতাহত হয়নি। উদ্ধারকাজ সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে।

লাইনচ্যুত বগিগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে বিলম্ব হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আরটিভি/টিআর