images

দেশজুড়ে

স্কুলছাত্র মেহেদী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১:৫৮ এএম

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্কুল শিক্ষার্থী মেহেদী হাসান হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি আবু দারদা মো. জোবায়েরকে  (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

এর আগে, বিশেষ অভিযানে রাজধানীর মিরপুর ও পল্লবী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. সোলেমান ও এএসআই (নিরস্ত্র) মো. মহিউদ্দিন।

গ্রেপ্তারকৃত জোবায়ের নোয়াখালীর চাটখিল উপজেলার বালিয়াধর গ্রামের বাসিন্দা ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান হত্যা মামলার অন্যতম আসামি।

আরও পড়ুন
Web-Image8

পানির মোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে। এ মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ জুন বিকেলে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে অষ্টম শ্রেণির ছাত্র মেহেদীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার পিঠ ও গলায় আঘাতের চিহ্ন ছিল। ওইদিন বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিষ্ঠানের প্রধান ফটকসহ কয়েকটি কক্ষ ভাঙচুর চালায়। নিহত মেহেদি রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজার এলাকার ব্যবসায়ী জিয়া উদ্দিনের ছেলে। 

পরে ১৮ জুন নিহতের বাবা জিয়া উদ্দিন বাদী হয়ে রামগঞ্জ থানায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নান ও ৭ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অভিযোগ রয়েছে, একটি আইফোন চুরিকে কেন্দ্র করে অভিযুক্ত শিক্ষার্থীদের মারধরের ঘটনায় মেহেদীর মৃত্যু হয়েছে।

আরটিভি/আইএম