বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ০৪:০৭ পিএম
নরসিংদীর পলাশে নিখোঁজের তিনদিন পর ইব্রাহিম খান (২৭ ) নামে এক মাইক্রোবাসচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পাঁচদোনা–ঘোড়াশাল সড়কের ভাগদী এলাকায় একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম খান পাঁচদোনার নেহাব গ্রামের শহিদ খানের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত তিনদিন আগে রাতে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান ইব্রাহিম। পরে তার কোনো খোঁজখবর না পেয়ে পরিবারের স্বজনরা পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে বৃহস্পতিবার দুপুরে স্বজনরা ঘোড়াশালের ভাগদী সড়ক দিয়ে যাওয়ার পথে পঁচা দুর্গন্ধ পেয়ে সন্দেহবশত আশেপাশে খোঁজাখুঁজি করলে একপর্যায়ে সড়কের পাশের একটি কালভার্টের নিচে ইব্রাহিমের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, ধারণা করা হচ্ছে ঘাতকরা হত্যার পর গুম করার উদ্দেশ্যে মরদেহটি কালভার্টের নিচে ফেলে যায়। হত্যার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
আরটিভি/এমএইচজে