images

দেশজুড়ে

ট্রাক-মাইক্রোবাসের মাঝে চাপা পড়ে জামায়াত নেতার মৃত্যু

শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ০৪:৫৪ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক ও মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল আরোহী মো. মহিউদ্দিন (৪৫) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন ভাটিয়ারী স্টেশন রোডের পশ্চিম এলাকার হাজি নেসার আহমেদের ছেলে। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি ক্যাবল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেল চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে মাদামবিবিরহাট এলাকায় পৌঁছালে ঢাকামুখী একটি ট্রাক ও একটি মাইক্রোবাসের মাঝে মোটরসাইকেলটি চাপা পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বিএসবিএ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বারলিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাকিরুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবিরহাট এলাকায় একটি মাইক্রোবাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী মহিউদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, মহিউদ্দিনের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি আটক করা হয়েছে।

আরটিভি/টিআর