শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ০৮:১২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় র্যাব-৯ এর অভিযানে প্রায় ৭২ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের ১,৯০৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। এ সময় একটি কাভার্ডভ্যানসহ দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে কসবা উপজেলার কসবা পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কসবা উপজেলার কায়েমপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে জাহিদ হোসেন (২৬) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশিদল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মঈন সরকার (২৫)।
র্যাব-৯ সিলেটের সিপিসি-১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ১ হাজার ৯০৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করেন। জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৩৯ হাজার টাকা। এছাড়া প্রায় ৮ লাখ টাকা মূল্যের একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫-বি(বি) ধারায় কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে। কসবা থানার মামলা নম্বর-৪৪, তারিখ ২৬ জুন ২০২৬।
র্যাব সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় শাড়িগুলো অবৈধভাবে দেশের অভ্যন্তরে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
আরটিভি/ এসকেডি