images

দেশজুড়ে

পাগলা মসজিদে চিঠি, আগামী বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশকে দেখতে চান ভক্ত

শনিবার, ২৭ জুন ২০২৬ , ০২:২২ পিএম

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্সে এবারও কোটি কোটি টাকার পাশাপাশি মিলেছে নানা নামে-বেনামে লেখা অসংখ্য চিঠি। তবে সবার দৃষ্টি কেড়েছে এক ফুটবলপ্রেমীর আবেগঘন আবেদন, যেখানে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে যেন বাংলাদেশ অংশগ্রহণ করতে পারে।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় ছয় মাস পর পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। দানবাক্স থেকে এবার রেকর্ড ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। পরে মসজিদের দ্বিতীয় তলায় শুরু হয় টাকা গণনার কাজ।

দানবাক্সে পাওয়া আলোচিত চিঠিতে লেখা ছিল-
হে আল্লাহ, 

আপনি সর্বশক্তিমান, আপনার কাছে আমার একটি প্রিয় স্বপ্নের কথা জানাচ্ছি। আমি চাই ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে আমায় প্রিয় বাংলাদেশ অংশগ্রহণ করুক। লাল-সবুজের পতাকা বিশ্বকাপের মঞ্চে উড়ুক এবং কোটি বাংলাদেশির স্বপ্ন পূরণ হোক।

হে আল্লাহ, আমাদের দেশের ফুটবলকে উন্নতি করুন, খেলোয়াড়দের সফলতা দান করুন এবং বাংলাদেশকে বিশ্বমঞ্চে গৌরবের সঙ্গে তুলে ধরার তাওফিক দিন। আমিন...
(একজন স্বপ্নবাজ বাংলাদেশি ফুটবলপ্রেমী)

চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। অনেকেই এটিকে দেশের ফুটবল নিয়ে সাধারণ মানুষের স্বপ্ন ও আবেগের প্রতিফলন হিসেবে দেখছেন।

এর আগে,  গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্স খুলে ৩৫ বস্তা টাকা পাওয়া যায়। তখন ৩ মাস ২৭ দিনে জমা পড়েছিল ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এছাড়া পাওয়া গিয়েছিল বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রুপা। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

আরও পড়ুন
kishoregonz

সাড়ে ৩ ঘণ্টায় পাগলা মসজিদে পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে

টাকা গণনার কাজে অংশ নেন বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী, মসজিদের কর্মকর্তা-কর্মচারী, রূপালী ব্যাংকের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দানবাক্স খোলার খবর ছড়িয়ে পড়লে মসজিদ এলাকায় উৎসুক মানুষের ভিড় দেখা যায়।

আরটিভি/এসকে