images

দেশজুড়ে

ঝিনাইদহের সীমান্তে মিলল ২ ‘মেইড ইন ইতালি’ পিস্তল

শনিবার, ২৭ জুন ২০২৬ , ১০:৫৬ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর একটি টহল দলের অভিযানে দুটি ইতালিনির্মিত বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুন ২০২৬) ভোর ৪টা ৪০ মিনিটের দিকে সামন্তা বিওপির সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ৫৭/১-এস এলাকায় টহলরত অবস্থায় দুই অজ্ঞাত চোরাকারবারীকে ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা মহেশপুর উপজেলার বেলেহাটি গ্রামের মো. মোনতাজ আলীর পুকুরের উত্তর পাড়সংলগ্ন জঙ্গলে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে দ্রুত শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

আরও পড়ুন
Web-Image---Copy

সুন্দরবনে কোস্ট গার্ডের ওপর বন্দুক নিয়ে ঝাপিয়ে পড়ল ‘দুলাভাই বাহিনী’, অতঃপর...

পরে টহল দল ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে কার্টনের ভেতরে লুকানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য মহেশপুর থানায় এজাহার দায়েরের মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদকদ্রব্য পাচারের যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। আমাদের টহল দল সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।চোরাকারবারীদের এ ধরনের অপতৎপরতা রুখে দিতে বিজিবি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করা হয়।

আরটিভি/এমএইচজে