images

দেশজুড়ে

ধর্ষণ থেকে বাঁচতে প্রতিবন্ধী যুবককে গলা কেটে হত্যা

রোববার, ২৮ জুন ২০২৬ , ০৪:১৮ পিএম

কুমিল্লায় এনায়েতুর রহমান ওরফে বাহার (৩৫) নামে এক প্রতিবন্ধী যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী এক নারীকে আটক করা হয়েছে। 

শনিবার (২৭ জুন) সকাল ৮টার দিকে জেলার লালমাই উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত নারী দাবি করেন ধর্ষণ থেকে বাঁচতে তিনি এনায়েতুর রহমানকে খুন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত এনায়েতুর রহমান ও প্রবাসী সুমন চৌধুরীর বাড়ি পাশাপাশি। কয়েক বছর আগে দুই পরিবারের মধ্যে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। প্রায় এক মাস আগে ছুটিতে দেশে এসে সুমন চৌধুরী তার স্ত্রীর প্রতি এনায়েতুর রহমানের অসদাচরণের অভিযোগ তুলেছিলেন। তবে এনায়েতুর রহমান শারীরিক প্রতিবন্ধী হওয়ায় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। চার দিন আগে সুমন আবার কর্মস্থলে চলে যান।

এ বিষয়ে নিহতের মা নেহারা বেগম জানান, তার ছেলে শারীরিক প্রতিবন্ধী ছিলেন। দুই হাতের কবজি ও আঙুল কার্যকর না থাকায় স্বাভাবিকভাবে কাজ করতে পারতেন না। শনিবার সকালে প্রতিবেশী নারী ঘরে ডেকে নিয়ে তার ছেলেকে গলা কেটে হত্যা করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।

অন্যদিকে, আটক নারী পুলিশের কাছে দাবি করেছেন, এনায়েতুর রহমান তাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। সেই পরিস্থিতিতে আত্মরক্ষার জন্যই তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

তবে এ দাবির সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক নারী প্রাথমিকভাবে আত্মরক্ষার্থে হত্যাকাণ্ড ঘটানোর দাবি করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/টিআর