images

দেশজুড়ে / খেলা

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তির সুপারিশ

রোববার, ২৮ জুন ২০২৬ , ১০:৪০ পিএম

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় তিন পুলিশ সদস্যর সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশের গঠিত তদন্ত কমিটি। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সাত দফা কৌশলগত সুপারিশও করা হয়েছে।

রোববার (২৮ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, তদন্তে খুলশী থানার তিন পুলিশ সদস্যর বিরুদ্ধে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা অপেশাদার ও শৃঙ্খলাবিরোধী আচরণ করেছেন। ঘটনার পর তাদের মধ্যে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন
bga

ভারতে পাচারকালে বিপুল সার জব্দ করেছে বিজিবি

পুলিশ কমিশনার আরও বলেন, তদন্ত প্রতিবেদনে শাস্তির সুপারিশের পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সাত দফা সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পুলিশ সদস্যদের আচরণগত ও মানবিক বিষয় নিয়ে বিশেষ প্রশিক্ষণ, নিয়মিত ব্রিফিং, দায়িত্ব পালনে পেশাদারত্ব বাড়াতে উদ্বুদ্ধকরণ কর্মসূচি এবং শৃঙ্খলাভঙ্গের ঘটনায় দ্রুত শাস্তি নিশ্চিত করা।

গত ১২ জুন রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় অটোরিকশা থেকে ক্রিকেটার নাঈম হাসানকে আটক করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর সদস্যরা খুলশী থানায় নিয়ে যায়। এ সময় তাকে মারধরের অভিযোগ ওঠে। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে সেদিনই চট্টগ্রামে ফিরেছিলেন তিনি। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের হস্তক্ষেপ এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাকে থানা থেকে মুক্তি দেওয়া হয়।

পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের হস্তক্ষেপে থানা থেকে ছাড়া পান নাঈম। ঘটনার পর দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরদিন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী নগরের ফরিদাপাড়ায় নাঈমের বাসায় গিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা থাকলেও তদন্ত কমিটি পরে অতিরিক্ত সময় নেয়।

আরটিভি/এমএম