সোমবার, ২৯ জুন ২০২৬ , ০৮:৪০ এএম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার টিআলী মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানার নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে কসবা থানাধীন টিআলী মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঢাকা বেকারির সামনে পাকা সড়কের ওপর থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিজের দখলে রাখার অভিযোগে মো. খোকন মিয়া (৪৮) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি কসবা উপজেলার মেহারি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিমরাইল (সাতপাড়া) গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আরটিভি/আইএম